Suvendu, Shamik, BJP, শুক্রবারও দপ্তর বণ্টন হলো না মন্ত্রীদের, হঠাৎ দিল্লি গেলেন শুভেন্দু, আগেই পৌঁছেছেন শমীক

আমাদের ভারত, ৫ জুন: ইতিমধ্যেই ৩৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে ১৩ জন পূর্ণ মন্ত্রী ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বাকিরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারপর ৪ দিন কেটে গেলো কিন্তু এখনো স্পষ্ট হয়নি কোন মন্ত্রী কোন দপ্তর সামলাবেন। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন। আবার এই সময় দিল্লিতে আছেন শমীক ভট্টাচার্য’ও। ফলে এই বিষয়টি নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে জটিলতার কারণেই রাজধানী যাত্রা মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতির?

গত ১জুন লোক ভবনে বিজেপির ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার আগে ৯ মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নিয়েছেন পাঁচজন পূর্ণ মন্ত্রী। বুধবার তাদের সকলের দপ্তর বন্টনের কথা শোনা গিয়েছিল, কিন্তু শুভেন্দু মন্ত্রিসভার তৃতীয় বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার সূচনা, পশ্চিমবঙ্গ দিবসের দিন বদল, মা ক্যান্টিনের নাম বদল, বিএসএফকে জমি হস্তান্তর ইত্যাদি বিষয় সম্পর্কে জানিয়ে দেন মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু কোনো ঘোষণা হয়নি মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে।

এরপর শোনা যায়, শুক্রবার মন্ত্রীদের দপ্তর বন্টনের ঘোষণা হতে পারে। কিন্তু শুক্রবার বিকেলেও এই সংক্রান্ত কোনো ঘোষণার খবর তো পাওয়াই যায়নি, বরং তার মধ্যে জানাগেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন। শুক্রবার মুখ্যমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল রিক্রুটমেন্ট কমিশন এবং বোর্ডের বৈঠকে যোগ দেওয়া।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণ মন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, সরস্বত মুখোপাধ্যায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায় গৌরী শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মন্ডল, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছে ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়, রাকেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদীয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামানিক, মৌমিতা বিশ্বাস মিত্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার ও অমিয় কিস্কু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *