জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুন: কেশপুরে দেওয়াল চাপা পড়ে মৃত শিশু পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক শিউলি সাহা। মৃত শিশুর পরিবারের সদস্যদের তিনি আশ্বস্ত করে বলেন, সবরকম সহযোগিতা তিনি করবেন। মঙ্গলবার কেশপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তৃণমূল কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা।

বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, জেলা নেতৃত্ব চিত্ত গরাই এবং অন্যান্য ব্লক নেতৃত্ব। বৈঠক শেষে যান কেশপুরের ১১ নম্বর অঞ্চলের কলা গ্রামে। সেখানে বৃষ্টির ফলে দেয়াল চাপা পড়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন। কয়েকদিন আগে কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের কলাগ্রামে অতি বৃষ্টিপাতের ফলে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল পাঁচ বছরের এক শিশুর।
ওই পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন কেশপুরের বিধায়ক। সেই সঙ্গে সরকারিভাবে একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন।

