Milk trader, Nadia, নদিয়ায় দুধ ব্যবসায়ীর উপর ধারালো অস্ত্রের হামলা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭
মে: নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালী থানার অন্তর্গত ঝিটকীপোতা এলাকায় গরুর দুধ আনতে গিয়ে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হলেন এক দুধ ব্যবসায়ী। আহতের নাম হারাধন ঘোষ (৪০)। তার বাড়ি তেতিয়া চকদিগনগর পঞ্চায়েত এলাকার ঘোষ পাড়ায়। বাবার নাম শুভঙ্কর ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হারাধন ঘোষ দুধের ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি ঝিটকীপোতা এলাকায় গরুর দুধ আনতে যান। অভিযোগ, একটি বাড়িতে দুধ দোয়ানোর সময় বাড়ির মালিকের ছেলে বাসিবুল শেখ তার কাছে দুধ চায়। সেই সময় দুধ দোয়ানো সম্পূর্ণ না হওয়ায় হারাধন তাকে দুধ দিতে পারেননি। এরপরই উত্তেজিত হয়ে বাসিবুল শেখ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হারাধন ঘোষ। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কল্যাণী এইমসে স্থানান্তর করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক সাধন ঘোষ।

অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বাসিবুল শেখ মানসিক ভারসাম্যহীন। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *