পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: খড়্গপুরে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো রাজ্যের মন্ত্রী তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ- এর অভিনন্দন যাত্রা। খড়্গপুরের ডিভিসি মোড় থেকে তালবাগিচা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই মিছিলে কর্মী- সমর্থকদের বিপুল উপস্থিতি ও উৎসাহ চোখে পড়ার মতো ছিল।

বিকেল থেকেই ডিভিসি এলাকায় জড়ো হতে শুরু করেন দলীয় কর্মী ও সমর্থকরা। পরে সেখানে উপস্থিত হয়ে অভিনন্দন মিছিলে সামিল হন মন্ত্রী দিলীপ ঘোষ। মিছিলকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। দলীয় পতাকা, স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা রাস্তা।

ডিভিসি থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তালবাগিচায় পৌঁছায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষকেও মিছিল দেখতে দেখা যায়। দীর্ঘ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকরা।

মিছিল শেষে তালবাগিচায় এক সংক্ষিপ্ত বক্তব্যে খড়্গপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, খড়্গপুরের মানুষ সবসময় তাঁর পাশে থেকেছেন এবং আগামী দিনেও উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি কর্মী-সমর্থকদের উৎসাহ ও সমর্থনের জন্যও তিনি ধন্যবাদ জানান।
শনিবারের এই অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে খড়্গপুরের রাজনৈতিক মহলে যথেষ্ট উৎসাহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

