স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭
মে: রবিবার দুপুরে নদিয়ার নবদ্বীপের ভাগীরথী নদী থেকে উদ্ধার হলো বছর ৪৫- এর এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যায় নবদ্বীপের বড়াল ঘাট ফেরিঘাট থেকে নৌকায় মায়াপুর যাওয়ার পথে ঘাটের কাছে ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় এক অজ্ঞাত পরিচয় মহিলা। পরে ঘটনার বিষয় স্থানীয় পুলিশকে সবিস্তারে জানায় ফেরিঘাট কর্তৃপক্ষ। খবর পেয়ে ওই মহিলার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন ওই রাতেই নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংলগ্ন ভাগীরথী নদীর পূর্বপাড় থেকে অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মহিলাকে মৃত বলে ঘোষণা করে। এখনো পর্যন্ত মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে বিভিন্ন থানার মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে। অন্যদিকে রবিবার দুপুরে মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে।

