আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৭ মে: বিধানসভা নির্বাচন শেষ হয়েছে দিন কয়েক আগেই। নির্বাচনী লড়াইয়ের পালা বদল হতেই বীরভূমের কীর্ণাহারে ফাঁকা মাঠের মধ্যে থেকে উদ্ধার হলো শতাধিক ভোটার কার্ড। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানাগেছে, কীর্ণাহার পশ্চিম পাড়ায় কেতুগ্ৰামের চিনিসপুরে দায়িত্বে থাকা বিএলও’র বাড়ির পিছনে ফাঁকা মাঠের মধ্যে ছড়িয়ে- ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় শতাধিক ভোটার কার্ড। আর যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা কীর্ণাহার থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

যদিও এনিয়ে স্থানীয় বাসিন্দা তথা চিনিসপুরের বিএলও হিরণ্য প্রভা মেটের দাবি, এসআইআর পর্ব শুরু হওয়ার আগে তিনি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰামের চিনিসপুরের মল্লিক পাড়ার একটি বুথের বিএলওর দায়িত্ব ছিলেন। আর সেখানে এসআইআর প্রক্রিয়ার সময় সংশোধনের জন্য জমা পড়া ভোটার কার্ডগুলি তাঁর কাছেই রাখা ছিল। যদিও সেগুলি তিনি বাতিল বলে দাবি করে ফেলে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত।

