কাশ্মীরে পুলিশকর্মীর বাড়িতে জঙ্গি হামলা, নির্বিচারে গুলি, মৃত ২

আমাদের ভারত, ২৭ মার্চ: ফের উত্তপ্ত কাশ্মীর। জম্মু কাশ্মীরের বুদগামে পুলিসকর্মীর পরিবারের উপর হামলা চালালো জঙ্গিরা। হামলায় ওই পরিবারের দুই ভাই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যাবেলায়।

জানা যাচ্ছে শনিবার সন্ধ্যায় জঙ্গিরা জোর করে বুদগামের ওই পুলিশ পরিবারের বাড়িতে ঢুকে পড়ে এবং গুলি চালাতে শুরু করে। অতর্কিত এই হামলায় স্পেশাল পুলিশ অফিসার আসফাক আহমেদ দার শহীদ হন। জঙ্গি হামলায় গুরুতর জখম হন তার ভাই ওমর আহমেদ। রবিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই পুলিশ অফিসার তার ভাইয়ের শেষকৃত্য এলাকার বহু মানুষ তাদের শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন। কিন্তু পরিবারের এক সদস্য জানিয়েছেন এই দুই ভাইয়ের মৃত্যুর পর তারা ওই গ্রামে আর থাকবেন না। গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবেন। উল্লেখ্য ওই পরিবারের তিনজন পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।

চলতি মাসে কাশ্মীর উপত্যকায় যে ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনা ঘটছে এই হামলা তার নবতম সংযোজন। মার্চের শুরুতেই কাশ্মীরে পৃথক পৃথক জঙ্গি হামলায় ৩ জন স্থানীয় পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শ্রীনগরে পুলিশের টহলদারি সময় জঙ্গি হামলায় এক পুলিশ কর্মী শহীদ হয়েছেন। বুদগামে ওই পুলিশ পরিবারের ওপর হামলা চলতি মাসে তৃতীয় জঙ্গি হামলা। মধ্য কাশ্মীরের এই জেলাটিতে এতদিন পর্যন্ত সেভাবে জঙ্গি কার্যকলাপ দেখা যেত না। কিন্তু সম্প্রতি একের পর জঙ্গি হামলার সাক্ষী হচ্ছে এই জেলাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *