খড়্গপুর আইআইটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্পের সূচনা করলেন রাজ্যপাল

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হল বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে। এই হাই পারফরমেন্স কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে, ‘পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম’। রবিবার খড়্গপুর আইআইটি-তে স্বশরীরে উপস্থিত হয়ে এই ব্যবস্থার সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

প্রসঙ্গত, রবিবার খড়্গপুর আইআইটি’র প্রাক্তনীদের পুরস্কার প্রদান ‘ডিস্টিঙ্গুইশড আল্যামনি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন তিনি। তার ঠিক আগেই এই সুপার কম্পিউটিং ব্যবস্থারও সূচনা করলেন তিনি।

উল্লেখ্য, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে। ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি’তে ‘পরম-প্রভেগা’ নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়। দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ রয়েছে বলে জানা গেছে। এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি’র ধারণা। আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে। রবিবার এই ব্যবস্থা’র উদ্বোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে, তার সাথেই ‘ডিস্টিঙ্গুইশড আল্যামনি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ঘোষিত ৫ জন বিখ্যাত প্রাক্তনী’র হাতেও পুরস্কার তুলে দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *