মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও রায়গঞ্জ পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা, পথচলতিদের হাতে তুলে দেওয়া হল মাস্ক ও স্যানিটাইজার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিন থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারন করছে। তা সত্ত্বেও বিভিন্ন বাজার বা জনবহুল এলাকায় সরকারি বিধিনিষেধ না মানার ছবি ধরা পড়ছে। একশ্রেণির মানুষের কান্ডজ্ঞানহীন আচরণ এই সংক্রমণকে আরো বাড়িয়ে তুলছে। এবার শহরবাসীকে সচেতন করতে পথে নামলো রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার সকালে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় মাইক সহযোগে প্রচারের কাজ চালান তারা। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় পথচলতি সাধারণ মানুষদের হাতে।

অন্যদিকে রায়গঞ্জ পুর এলাকাতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমনে লাগাম টানতে আসরে নেমেছেন পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রায়গঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের নেতৃত্বে অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামেন। পরিদর্শন করেন বিভিন্ন বাজার এলাকা। কোভিড মোকাবিলায় সরকারি বিধিনিষেধ মেনে চলার আবেদন জানানো হয় নাগরিকদের। পুর সভার পক্ষ থেকে এদিন বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে স্যানিটাইজেশনের কাজে নেমেছে দমকলবাহিনী। শুক্রবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্ত্বরে স্যানিটাইজেশন করে দমকল বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *