আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৭ জানুয়ারি: স্বাধীনতার পর পিচ রাস্তার স্বাদ পেতে চলেছে বীরভূমের নলহাটি ২ নম্বর হৈদরপুর- তৈহরপুর গ্রামের মানুষ। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানার তৎপরতায় পাকা রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা।
নলহাটি ২ নম্বর ব্লকের হৈদরপুর থেকে তৈহরপুর গ্রাম পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা স্বাধীনতার আগে থেকেই মাটি কিংবা মোরামের ছিল। ফলে বর্ষাকালে রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে উঠত। রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন গ্রামের রাস্তা সংস্কার করার কথা ঘোষণা করা হলেও ওই গ্রামের রাস্তা ছিল বঞ্চিত। কারণ দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলি ছিল বামফ্রন্টের দখলে। পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পরেই ওই এলাকায় নজর দেয় সরকার।
এলাকার বাসিন্দা ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা ওই রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদে আবেদন করেন। এরপরেই প্রায় চার কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।
দীর্ঘদিন পর পাকা রাস্তা পেয়ে খুশি গ্রামের মানুষ। বিপ্লব শেখ, মোমিন শেখ, স্বপণ মাল, নিত্য মালরা বলেন, “এর আগে বহু আবেদন করেছিলাম। কিন্তু রাস্তা নির্মাণ হয়নি। এবার রাস্তা নির্মাণ হওয়ায় আমরা খুশি”।
আবু জাহের রানা বলেন, গ্রামবাসীরা প্রথম আমাকে আবেদন করে। বিষয়টি আমি জেলা পরিষদের নজরে আনি। তারপরেই কাজ শুরু হল”।

