মাদ্রাসার ছাত্র ছাত্রীদের স্বার্থে একাধিক জেলায় স্মারকলিপি “ওয়েষ্ট বেঙ্গল রিকগনাইজ্ড আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’- এর

আমাদের ভারত, ১৯ অক্টোবর: রাজ্য সরকার অনুমোদিত ২৩৫ টি আন এডেড মাদ্রাসার ছাত্র ছাত্রীদের স্বার্থে বুধবার একাধিক জেলায় স্মারকলিপি দিল ‘ওয়েষ্ট বেঙ্গল রিকগনাইজ্ড আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’।

মিড ডে মিল, পোশাক, জুতা, ব্যাগ সহ সকল প্রকার সুযোগ সুবিধার দাবিতে বুধবার কোচবিহার-সহ একাধিক জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেয় ওই সংগঠন। এর আগে মঙ্গলবারও মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, হুগলি, পুরুলিয়ায় জেলাশাসকের এই স্মারকলিপি দেওয়া হয়। প্রসঙ্গত, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দরিদ্র পরিবারের সন্তান সন্ততিরা পড়াশোনা করে।

সংগঠন সূত্রের খবর, শিক্ষক, শিক্ষিকারা বেতন পাবেন অথচ ছাত্র- ছাত্রীরা মিড-ডে-মিল, পোশাক সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এটা কি ভাবে হতে পারে? যার কারণে দীর্ঘ বঞ্চনার পর রাস্তায় নামতে বাধ্য হলেন সরকার অনুমোদিত আন- এডেড মাদ্রাসার শতাধিক ছাত্র- ছাত্রী সহ শিক্ষক- শিক্ষিকারা। ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা মিছিল সহকারে জেলাশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি দেন জেলাশাসকের কাছে।

জেলাশাসকেরা আশ্বাস দিয়েছেন উনারা ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাবেন। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলি যাতে অন্যান্য সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান গুলির ছাত্র- ছাত্রীদের মতো সুযোগ সুবিধা পায় তার জন্য জেলা থেকে রাজ্য দফতরে দাবিগুলি পাঠাবেন এবং আন্তরিকতার সহিত দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

জেলা শাসকদের দফতরে স্মারকলিপি দেন রাজ্য চেয়ারম্যান ইকবাল হোসেন, জলপাইগুড়ি জেলার রাজ্য কমিটির সদস্যা নাগমা নাজ এবং কোচবিহার জেলার জেলা সেক্রেটারি ও সভাপতি। রাজ্য সভাপতি সেখ জাভেদ মিঞাদাদ বলেন মাদ্রাসা উন্নয়নে স্বার্থে এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে প্রয়োজনে আবারো আমরণ অনশনে বসতে রাজি এই সংগঠনের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *