“কালী পুজোর পর নিজেদের দাবি আদায়ের জন্য জলপাইগুড়িতে আন্দোলন শুরু হবে”, হুঁশিয়ারি সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ অক্টোবর: টোটো নিয়ে জটিলতা প্রতিদিন বাড়ছে জলপাইগুড়ি। পুর কর্তৃপক্ষ ও প্রশাসন টোটো নিয়ন্ত্রণে উদাসীন বলে অভিযোগ সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের। কালী পুজোর পর রাস্তায় নামবেন তারা। গ্রাম ও শহরের টোটো চালকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। টোটো ভাড়া বৃদ্ধি করা নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। ‘বার কোড’ যুক্ত আই কার্ড টোটো চালকদের দেওয়ার কথা থাকলেও সেই প্রক্রিয়া থমকে রয়েছে বলে অভিযোগ।

জলপাইগুড়ি শহরে প্রায় ১৪ হাজার টোটো যাতায়াত করছে। শহরের ২৫টি ওয়ার্ডের পাশাপাশি শহরতলীর চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদের চিহ্নিত করে আই কার্ড দেওয়া হয়। কিন্তু পুর কর্তৃপক্ষের দেওয়া আই কার্ড একাধিক টোটো চালক নকল করে বলে অভিযোগ। সেই কার্ড বাতিল করল প্রশাসন। এর জেরে আরও জটিলতা বাড়ছে শহরের টোটো নিয়ে।

সিটু অনুমোদিত ই-রিকশা চালকের সম্পাদক শুভাশিষ সরকার বলেন, “২৮ সেপ্টেম্বর পুর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও টোটো সংগঠন বৈঠকে বসেছিল। সেখানে আলোচনা হয় ও সেই আলোচনায় পাশ হয় টোটো ভাড়া দুই কিমি পর্যন্ত ১৫ টাকা। বার কোর্ড যুক্ত আই কার্ড দেওয়া হবে। কোনটাই এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। এই কারণে পুজোর পর নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *