কাশ্মীরকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ, বিহারের স্কুলের সপ্তম শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্ক

আমাদের ভারত, ১৯ অক্টোবর: কাশ্মীর নামে দেশের মানুষদের কি বলা হয়ে থাকে? হ্যাঁ বিহারের স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আসা এই প্রশ্ন ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

বিহার সরকারের তরফে ১২ অক্টোবর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা নেওয়ার শুরু হয়েছিল। এরমধ্যে সপ্তম শ্রেণির ইংরেজি পরীক্ষায় এই বিতর্কিত প্রশ্নটি এসেছে বলে জানাগেছে। প্রশ্নপত্রে লেখা ছিল নিম্নলিখিত দেশের বাসিন্দাদের কি নামে ডাকা হয়? উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছিল চিনের বাসিন্দাদের চাইনিজ বলা হয়ে থাকে। আর তার ঠিক নিচেই লেখা ছিল ইংল্যান্ড, কাশ্মীর, ভারত ও নেপালের মানুষদের কী নামে ডাকা হয়ে থাকে? অর্থাৎ ইংল্যান্ডের মতো কাশ্মীরকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রশ্নে।

আরারিয়া, কিষাণগঞ্জ এবং কাটিহার জেলার ছাত্রদের এই প্রশ্ন করা হয়েছে। একটি স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এই প্রশ্নটি হওয়া উচিত ছিল কাশ্মীরের বাসিন্দাদের কি নামে ডাকা হয়ে থাকে? কিন্তু তা না করে প্রশ্ন পত্রে লেখা হয়েছে কাশ্মীর দেশের মানুষদের কি নামে ডাকা হয়ে থাকে?

সরকারের তরফে কেউ কিছু বলতে চাননি এই বিতর্কিত প্রশ্নটি নিয়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। বিহারের বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় জয়সোয়াল ওই বিতর্কিত প্রশ্নপত্রটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধিতা করেছেন। একই সঙ্গে বিষয়টির মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও অভিযোগ করেছেন। পাশাপাশি তাঁর মতে নিতীশ কুমার প্রধানমন্ত্রী পদে বসার জন্য এই ধরনের ভুল কাজকে সমর্থন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *