নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ জুন:
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রাজ্যজুড়ে সেবার কাজে নিয়োজিত হয়েছেন সেভ বেঙ্গলের ভলান্টিয়াররা। কেন্দ্রীয় নেতা শিব প্রকাশের নেতৃত্বে বিজেপি প্রভাবিত রাজনৈতিক ব্যক্তিরা সমাজের কাজে ঝাঁপিয়ে পড়েছেন।
বিধান চন্দ্র রায়ের কল্পনার শহর কল্যাণী জুড়ে চলছে সেভ বেঙ্গলের কাজকর্ম। সংগঠনের ভলান্টিয়াররা দিনরাত এক করে সেবার কাজ করছেন। দিনের বেলায় কল্যাণীর বিভিন্ন প্রান্ত সেনিটাইজ করছেন। এছাড়াও এলাকার বিভিন্ন মন্দির, হেলথ সেন্টার, বাজার, বাস স্ট্যান্ড, রিক্সাস্ট্যান্ড, ব্যাংক , সরকারি আবাসন করোনার জীবাণুমুক্ত করছেন। পথ চলতি মানুষের হাতে মাস্ক তুলে দিচ্ছেন সেভ বেঙ্গলের সদস্যরা।
এছাড়া, করোনা আক্রান্ত ও দরিদ্র মানুষের কাছে দু -বেলা রান্না করা খবার পৌঁছে দিচ্ছেন।

নির্বাচনের পর আক্রান্ত বাড়ি ছাড়া বিজেপি কর্মীদের আর্থিক ভাবে সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্য অনিমেষ বিশ্বাস। তিনি বলেন, আামাদের হেল্প লাইনে যোগাযোগ করলে ওষুধ এনে বাড়িতে পৌঁছে দিচ্ছে আমাদের সদস্যরা।

