জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি: কটক মহোৎসবে পাঁচটি পুরস্কার জিতল মেদিনীপুর শহরের অরবিন্দ নগরের বাসিন্দা দ্বিতীয় শ্রেণির ছাত্র আত্মধী কর। চার বছর বয়স থেকে আত্মধীর গান শেখা শুরু সংগীত শিক্ষক সুপান্থ বসুর কাছে। বাবা শিক্ষক অরিত্র কর ও মা শিক্ষিকা অংশুলা করের উদ্যোগে লকডাউনের সময় থেকে বিভিন্ন অনলাইন সংগীত প্রতিযোগিতায় অংশ নেয় সে।

সম্প্রতি কটক মহোৎসব ইন্টার ন্যাশনাল ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল প্রতিযোগিতার সাব জুনিয়র গ্রুপের পাঁচটি বিষয়ে অংশগ্রহণ করে পাঁচটি বিষয়েই প্রথম পুরস্কার পেয়েছে আত্মধী। এছাড়াও খড়্গপুর সংস্কৃত ভারত অল ইন্ডিয়া ন্যাশনাল কম্পিটিশনে চারটি বিষয়ে গ্রুপ বি’তে অংশগ্রহণ করে রবিবার চারটি বিষয়েই পুরস্কৃত হয়েছে। অনলাইন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গত এক বছরে ২৫ টি পুরস্কার পেয়েছে আত্মধী। বেথা ফোন রেকর্ড থেকে অসম্ভবের ছন্দেতে নামে তার গানের একটি সিডিও বেরিয়েছে। গানের নাম ডালপুরি চাই ডালপুরি, কথা সুকুমার রায় ও সুর শ্যামল বসু। আত্মধী গান নিয়ে বিশেষ উন্নতি করতে চায়।

