গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে কৃষ্ণনগর সদর হাসপাতালের সুপারকে ঘিরে অভিনব কায়দায় বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ জানুয়ারি: কোভিড পরিস্থিতির মধ্যেও দীর্ঘ আট মাস হাসপাতালে সিকিউরিটি গার্ডের কাজ করে মাইনে পায়নি, অবশেষে নিজেদের গলায় দড়ি লাগিয়ে অভিনব কায়দায় হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কৃষ্ণনগর সদর হাসপাতালে।

জানা যায়, নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে এবং কৃষ্ণনগর সদর হাসপাতালে সিকিউরিটি সংস্থার একাধিক ব্যক্তি দীর্ঘ আট মাস ধরে হাসপাতালে ডিউটি করছেন। কিন্তু গত একমাস ধরে তারা নিজেদের মাইনে থেকে বঞ্চিত। বিক্ষোভকারীদের দাবি, করোনা সংক্রমনের মধ্যেও নিজেদের জীবনকে বাজি রেখে তারা নিয়মিত কাজ করেছেন। এর আগেও তাদের সঠিক বেতনের দাবিতে জেলাশাসক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দপ্তরে এবং হাসপাতালে সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছেন। হাসপাতালে সুপার বারংবার তাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই তারা বেতন পেয়ে যাবেন। কিন্তু দীর্ঘ আট মাস অতিক্রান্ত হলেও এখনো তারা বেতন পায়নি। অবশেষে পরিবার নিয়ে না খেতে পেয়ে মরার আশঙ্কায় হাসপাতাল সুপারকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তারা। নিজেদের গলায় দড়ি দিয়ে তাদের দাবি অবিলম্বে তারা যদি প্রাপ্য বেতন না পান তাহলে পরিবার নিয়ে তাদের আত্মহত্যা করতে হবে।

এ বিষয়ে সিকিউরিটি সংস্থার দাবি, যেহেতু হাসপাতালের পক্ষ থেকে তাদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি সেই কারণেই তারা কর্মীদের মাইনে দিতে পারছেন না।

যদিও হাসপাতালে সুপার সোমনাথ ভট্টাচার্য বলেন, এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে লিখিত ভাবে জানিয়েছেন। কিন্তু কোনো টাকা না আসার কারণে বকেয়া মঞ্জুর করতে পারছেন না। যদিও বিক্ষোভকারীদের বিক্ষোভের ফলে গোটা হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভকারীরা হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের পাশে একটি ধরনা মঞ্চ তৈরি করে সেখানে তারা ধরনায় বসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *