আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ জানুয়ারি: সারা রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় করোনা পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক মহলে। ইতি মধ্যেই রাজ্যে করোনার বিধি নিষেধ জারি করা হয়েছে।
এর মধ্যে করোনাগ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে বরাহনগরে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বরানগর পুরসভার প্রশাসক অপর্ণা মৌলিক সহ এক্সকিউটিভ অফিসার, ফাইনালসিয়াল অফিসার সহ একাধিক কর্মী। ফলে করোনার জেরে কর্মী শূন্য হয়ে যাচ্ছে পৌরসভা।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি রবিবার রাতে বরাহনগর পুরসভায় পুলিশ প্রশাসন বাজার কমিটি ও পুর কর্তারা এক বৈঠকে বসে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৫ দিনের জন্য সপ্তাহে চার দিন পুর এলাকার সমস্ত বাজার বন্ধ থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার বাজার বন্ধ থাকবে। জরুরি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানান পুরসভার জনস্বাস্থ্য বিভাগের পুর প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ নারায়ণ বসু।

এদিন এই বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে রবিবার সপ্তাহের ছুটির দিন হিসেবে বাজার খুলে রাখার আবেদন করেন। কিন্তু তা মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ। এদিনা ব্যবসায়ীরা বলেন, “রবিবার অফিসগুলো ছুটি থাকে তাই ওই দিন অনেক মানুষ সারা সপ্তাহের বাজার করেন এতে মানুষের উপকার হবে। কিন্তু আমাদের এই আবেদন প্রশাসন শোনেননি। তবে আমরা মেনে নিয়েছি কারণ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে মানুষের আরো ভালো হবে। মানুষ বাঁচতে পারবেন।”
অপর দিকে পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য বলেন, “আমরা প্রাথমিক ভাবে ১৫ দিনের জন্য এই পদক্ষেপ নিচ্ছি। আগামী দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমরাও সব আগের মত স্বাভাবিক রাখার নির্দেশ দেব। কিন্তু এখন কঠোর বিধি নিষেধ জারি থাকবে। আর সেই নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এই নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকেই বরানগরে বহু বাজারে করোনা কারণে নেওয়া বাজার দোকান বন্ধের নির্দেশ মাইকিং করে বুঝিয়ে দেওয়া হয়।

