সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ এপ্রিল: সিএএ’র বিরুদ্ধে আন্দোলনে নামবে মতুয়ারা, এমনই হুমকি দিলেন মতুয়া মহাসঙ্ঘের সংঘাতিপতি তথা তৃণমূলের প্রক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তবে পক্ষে নয়, সিএএ চালু হলেই তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নামবেন। কারণ তাঁর মতে মতুয়ারা ভারতের নাগরিক। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহাকুমা মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয় বনগাঁ কর্মতীর্থ ময়দানে। সেখানে যোগদান করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর।

মতুয়াদের দীর্ঘ দিনের দাবি, যে তাঁদের নাগরিকত্ব দিতে হবে। সেই কারণে সিএএ চালু করার দাবিয়ে জানিয়েছে বার বার। এই নিয়ে বহুবার পথ অবরোধ, রেল অবরোধ থেকে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছিল মতুয়ারা। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান মন্ত্রী আশ্বাসও
দিয়েছিলেন। এবার উল্টো সুর গাইছেন মমতাবালা ঠাকুর। মতুয়ারা নাগরিকত্ব চাইলেও মমতাবালা ঠাকুর বলছেন মতুয়ারা ভারতেরই নাগরিক। তাঁদের সিএএ এনআরসি’র দরকার নেই। নাগরিকত্ব চালু হলেই তিনি মতুয়াদের নিয়ে আন্দোলনে নামবেন।
মমতা বালা ঠাকুরের বক্তব্যের বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, এনআরসি’র দাবিটা মতুয়া মহাসঙ্ঘের। উনি তৃণমূলে আছেন বলে বিরোধিতা করছেন। উনি তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য বিরোধিতা করছেন। ২০২৪ লোকসভা নির্বাচনে ওনারা বুঝতে পারবেন মতুয়ারা বিজেপির সঙ্গে আছেন।

