আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ এপ্রিল: স্কুল ছাত্রের রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বারাকপুর ষষ্ঠীতলা এলাকায়। সোমবার ব্যারাকপুর সেন্ট্রাল আর্মি স্কুলের ছাত্র ধ্রুবজ্যোতি বিশ্বাস স্কুল থেকে ক্লাস সেরে বেরনোর পর থেকেই রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায়। ব্যারাকপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা রোডের বাসিন্দা ধ্রুবজ্যোতি। দ্বাদশ শ্রেণির ছাত্র ধ্রুবজ্যোতি অন্যান্য দিনের মতো গতকাল সকালে স্কুলে যায়। তার বাবা কুন্তল বিশ্বাস তাকে স্কুলে পৌঁছে দিতে যান। তারপর কুন্তলবাবু অফিসে চলে যান। এরপর বেলা ১১ টার সময় স্কুল ছুটি হয়ে যায়। তারপর সে আর বাড়ি ফেরেনি।
সূত্রের খবর, স্কুল ছুটির পর দুই বন্ধুর সঙ্গে সে স্কুলের বাইরে বেরিয়েছিল কিন্তু সাইকেলে হাওয়া না থাকায় ধ্রুবজ্যোতির দুই বন্ধু স্কুলে ফিরে যায় কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি ধ্রুবজ্যোতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
তার বাবা মা খোঁজাখুঁজি শুরু করেন। বন্ধুদের সাথে কথা বলেন। এমন কি স্কুলের শিক্ষকদের সাথেও কথা বলেন, কিন্তু কেউ কোনো খবর দিতে পারেনি। এরপর ধ্রুবজ্যোতির বাবা মা ব্যারাকপুর থানায় মিসিং ডায়েরি করেন। এমন কি জানানো হয় ব্যারাকপুর সাইবার ক্রাইম দপ্তরেও। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার। সোমবার স্কুল যাওয়ার সময় ধ্রুবজ্যোতি তার ফোনটি নিয়ে স্কুলে যায়নি বাড়িতেই রয়েছে তার ফোন। ফলে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার।
এদিকে ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙ্গে পরেছেন কুন্তল বাবু ও তাঁর স্ত্রী। এদিন ধ্রুবজ্যোতির বাবা
কুন্তলবাবু জানান, “আমাদের ছেলে স্কুল থেকে ক্লাস করে বেরনোর পর থেকেই নিখোঁজ হয়ে গেছে। অনেক খুঁজে দেখেছি কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এমন কি স্কুলে জে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলোও কাজ করছে না বলে স্কুল থেকে জানানো হয়েছে। আমাদের একটাই আর্জি আমাদের ছেলে কে কেউ কোথাও দেখলে বা কোনো খোঁজ পেলে আমাদের জানান।”
ধ্রুবজ্যোতি স্কুল থেকে বেরিয়ে কোথায় গেল না কেউ তাকে নিয়ে চলে গেলো এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

