শহিদ দিবসের সমর্থনে মেজিয়া শিল্পাঞ্চলে মিছিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৮ জুলাই: একুশে জুলাই শহিদ দিবসের সমর্থনে আজ বিকেলে বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলের রাধামাধবপুর থেকে দুর্লভপুর মোড় পর্যন্ত ৩ কিমি রাস্তায় পদযাত্রার আয়োজন করে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সভাপতি রথীন ব্যানার্জি। এদিন এই পদযাত্রায় অংশ নেন শিল্পাঞ্চলের গঙ্গাজলঘাঁটি ও মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও। ফলে এই পদযাত্রা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে মহামিছিলের আকার নেয়। এই মহামিছিলে হাঁটেন শ্রমিক নেতা তুষার গোস্বামী, অরূপ তেওয়ারি, তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী, ধীরেন ডাঙ্গর, দেবদাস বাজপাই সহ অনেকে।

সংগঠনের জেলা সভাপতি রথীন ব্যানার্জি বলেন, আগামী ২১ জুলাই বৃহস্পতিবার কলকাতা মহানগরী অতীতের সমস্ত রেকর্ড ভাঙা এক ঐতিহাসিক মহা মিছিল দেখবে। বাঁকুড়া জেলার শ্রমিক সংগঠন তার শরিক হবে এই কারণে এদিনের পদযাত্রা বলে জানান তিনি। রথীন ব্যানার্জি বলেন, ওই দিন শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় ১৯৯৩ সালের জ্যোতি বসুর পুলিশের গুলিতে প্রাণ হারানো ১৩ জন শহিদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে। সেই সভা সফল করতে ইতিমধ্যে বাঁকুড়ার মেজিয়া, শালতোড়া, ছাতনা, গঙ্গাজলঘাঁটি শিল্প তালুক এলাকায় পথসভা, মিটিং – মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুথ ভিত্তিক সাংগঠনিক সভাও হয়েছে জেলা জুড়ে। তৃণমূল কর্মী সমর্থকরা যেমন কলকাতার ধর্মতলায় যাবার জন্য মুখিয়ে রয়েছেন, তেমনি বাঁকুড়ার শিল্পাঞ্চলের শ্রমিক ও শ্রমজীবী অন্যান্য সংগঠনের সদস্যরাও মুখিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *