সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ জুলাই: নিজেদের শিশু সন্তানকে হত্যায় অভিযুক্ত দম্পতির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বাঁকুড়া আদালতের বিচারপতি। বিচারপতি প্রশান্ত মুখার্জি আজ এই রায় ঘোষণা করেন।
বাঁকুড়া আদালতের সরকারি আইনজীবী অরুণকুমার চ্যটার্জি জানান, বড়জোড়ার মোহনপুর গ্ৰামের সুজিত মন্ডল ও তার স্ত্রী সূতিকা মন্ডলের মধ্যে প্রায়দিনই ঝগড়া লেগে থাকতো।তাদের সাড়ে চার বছরের একটি সন্তান ছিল। এই সন্তানকে নিয়েই গন্ডগোল। ওই সন্তানকে সুজিত নিজের সন্তান বলে মেনে নিতে পারেনি।এ নিয়ে সে স্ত্রীকে সন্দেহ করতো। গত ৩/৫/২০২০ তারিখে রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়।তারপরেই ওই শিশু
সন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। পরদিন সকালে শিশুটিকে অচৈতন্য অবস্হায় পড়ে থাকতে দেখে সুজিতের ভাইপো বিশ্বজিৎ মন্ডল তাদের জিজ্ঞাসা করে।তারপর নিজেই বড়জোড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই সে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করে। বাঁকুড়া আদালতে বিচার শুরু হয়।
গত শনিবার বাঁকুড়া আদালতের বিচারপতি প্রশান্ত মুখার্জি ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করেন। আজ সাজা ঘোষণা করেন। তিনি শিশু সন্তানের বাবা মা
দু’জনকেই দোষী সাব্যস্ত করে উভয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও শিশুর পিতা সুজিত মন্ডলের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ’মাস জেল ও মা সূতিকা মন্ডলের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

