সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ জুলাই: এক বন্ধুর মৃতদেহ উদ্ধার হল তার ছোট বেলার বন্ধুর ঘর থেকে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বিধান মণ্ডল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর বনিকপাড়া এলাকায়।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিধানবাবু শনিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু সারাদিন তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধের সময় তার দাদার সঙ্গে দেখা হলে তিনি জানান, বাড়িতে যাচ্ছেন। কিন্তু সারারাত বাড়িতে যাননি। রবিবার সারাদিনেও তার কোনো খবর পাননি পরিবারের সদস্যরা। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ পুতুল হালদার নামে বিধানের এক বন্ধু খবর দেয় বিধানবাবু অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর বাড়িতেই আছে বিধান। কিন্তু পরে তিনি মারা যান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা বণিক পাড়ায় পুতুলের বাড়িতে গিয়ে দেখেন ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে বিধান। পরবর্তীতে স্থানীয়রা খবর দেন গাইঘাটা থানা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিধানকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিধানের পরিবারের দাবি তার, এই মৃত্যুর পিছনে কোনো রহস্য রয়েছে। সেটা সামনে আসা দরকার, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃত বিধানের দাদা বিনয় মণ্ডল গাইঘাটা থানায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।
এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। পুলিশের প্রাথমিক অনুমান দুই বন্ধু মদ খাচ্ছিল। তারপরই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি খুনের ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে এখনও নিশ্চিত নয়। ময়না-তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

