ছবি: বিধ্বস্ত পোলট্রি ফার্ম।
স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ মে: সোমবার রাতের প্রবল ঝড়ের দাপটে বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকের ২ নং লাহুতারা গ্রাম পঞ্চায়েতের সাদিপুর সহ বেশ কয়েকটি গ্রাম। এদিন রাত ম সাড়ে ১০টা নাগাদ শুরু হয় প্রবল ঝড় সঙ্গে চলে বৃষ্টি। যার প্রভাবে সাদিপুর সহ সংলগ্ন গ্রামগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে ভেঙ্গে পড়েছে একাধিক মাটির ও টিনের বাড়ি। উড়ে গিয়েছে টিনের চাল। বেশ কয়েকটি বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে। সেই সঙ্গে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে লন্ডভন্ড অবস্থা। যার জেরে অসহায় পরিস্থিতিতে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি। ঐ এলাকায় ফাগু সিংহ নামে এক ব্যক্তির একটি বড়সড় পোলট্রি ফার্মের চূড়ান্ত ক্ষতি হয়েছে। ফার্মটি ভেঙ্গে পড়ায় প্রায় হাজার দুয়েক মুরগী মারা গেছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পোলট্রি ফার্মের মালিকের। রাত পেরিয়ে আজ দুপুর হয়ে গেলেও কোনো সরকারি আধিকারিক পরিদর্শনে আসেননি বলে অভিযোগ তার।

ঐ এলাকায় একটি বেসরকারি প্রাথমিক স্কুলেরও একই অবস্থা। ঝড়ের দাপটে ভেঙ্গে পড়েছে টিনের তৈরি স্কুল ভবন। সেখানেও বিপুল ক্ষতি হয়েছে। এমত অবস্থায় এখন সরকারি সহায়তার দাবি জানিয়েছেন অসহায় মানুষজন।

