নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বহু এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি, মৃত ৩

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার দাসপুর-১ ব্লকের নাড়াজোল ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছুগুলি মৌজা বন্যার জলে প্লাবিত হয়েছে। এই দুটি এলাকাতেই প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলায় সাপের কামড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং দেওয়ার চাপা পড়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও পারাং নদীতে, চন্ডিপুর ও রাইকুন্ডু এলাকার ৬টি স্থানে এবং রাজনগরে শিলাবতী নদীর ৩টি স্থানে বন্যার জলের চাপে নদীবাঁধ ভেঙ্গেছে। অত্যধিক বৃষ্টির ফলে গতকালই এইসব এলাকার অনেক বাড়ি ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বাড়ি। সদ্য লাগানো ধানের চারা ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের এবং বিধায়কদের সঙ্গে নিয়ে জেলাশাসক রশমি কমল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, জেলায় এরকম বন্যার কথা কয়েক দশকে শোনা যায়নি। জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ২১০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এখনও পর্যন্ত দশ হাজার মানুষকে ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে। তাদের শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে।
জেলা শাসক জানান, প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত দু’ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *