মতুয়া ভোটকে সংঘবদ্ধ করতে শিলিগুড়িতে মমতাবালা ঠাকুর

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর: শান্তনু ঠাকুরের জয় তাঁর ব্যক্তিগত কোনো কারিশমা নয়। সাধারণ মানুষকে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভুল বুঝিয়ে ছিলো বিজেপি। তাই এখন বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সমর্থন জানাচ্ছে। উত্তরবঙ্গ সফরে এসে শুক্রবার শিলিগুড়িতে সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করলেন মতুয়া মহাসঙ্ঘের প্রধান তথা প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। অন্যদিকে তিনি বলেন উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্তের বিরুদ্ধে পথে নামবে মতুয়া মহাসংঘ।

বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল ভালো ফলাফল করলেও উত্তরবঙ্গে ধরাশায়ী তৃণমূল। উত্তরবঙ্গে বসবাসকারী মতুয়াদের ভোট দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ বিজেপিকে সমর্থন জানিয়েছে আর একটা অংশ তৃণমূলকে। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনের ভুল ২০২৪ এর লোকসভায় যাতে আর না হয় তাই লোকসভা ভোটের আগে মতুয়া ভোটকে সঙ্ঘবদ্ধ করতে চাইছে তৃণমূল। আর তাই মতুয়া ওয়েলফেয়ার বোর্ডকে সামনে রেখে মতুয়াদের মন জয় করার চেষ্টায় মরিয়া রাজ্যের শাসক দল। আর তাই মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারপারসন মমতা বালা ঠাকুর শুক্রবার উত্তরবঙ্গ সফরে এলেন। তার এই সফরে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মতুয়াদের সাথে কথা বলে তাদের সমস্যা অভাব-অভিযোগ শুনে তা রিপোর্ট করে মতুয়া বোর্ডের মাধ্যমে কিভাবে মেটানো যায় তা নিয়ে সচেষ্ট হবারও আশ্বাস দেন। কারণ বিরোধী দল যাতে মতুয়াদের সমস্যাগুলিকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে।

এদিন তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মূলত মতুয়াদের সমস্যাগুলির মধ্যে কমিউনিটি হল পানীয় জলের সমস্যা সহ একাধিক বিষয়ে লক্ষ্য করেছেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বালা ঠাকুর বলেন, উত্তরবঙ্গ সফরে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মতুয়াদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি সার্ভে করে বোর্ডের মাধ্যমে মেটানোর জন্য চেষ্টা করবেন। একই সাথে তিনি বলেন শান্তনু ঠাকুর নিজের ক্যারিশমায় জয়ী হয়নি। ভোটের আগে বিজেপি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে ভুল বুঝিয়ে ছিল। এখন মতুয়ারা বুঝতে পেরে ফিরে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছে। তিনি আরো বলেন উত্তরবঙ্গকে ভাগ করার একটা চক্রান্ত চলছে এর বিরুদ্ধে পথে নামবে মতুয়ারা। সরকারের পক্ষে দাঁড়িয়ে এই বাংলা ভাগ্যের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *