আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কাছেই দলীয় নেতা তথা মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহার মৃতদেহ নিয়ে বিক্ষোভের ঘটনায় বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার–সহ ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার টিব্রেওয়াল, সাংসদ অর্জুন সিং ও জ্যোতির্ময় সিং মাহাতো সহ আরো বেশ কিছু ব্যক্তির নামে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিজেপি প্রার্থী মানস সাহার মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির রাস্তা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে পৌঁছান সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা। পুলিশ বাধা দিলে সেখানে মৃতদেহ নিয়ে বসে পড়েন তাঁরা।
বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন মানস সাহা। বুধবার তিনি মারা যান। অভিযোগ ভোটের ফল প্রকাশের দিন গণনা কেন্দ্র থেকে বের হতেই তৃণমূলের লোকজন লাঠি রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। দীর্ঘ দু’মাস তার চিকিৎসা হবার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। কিছুদিনের মধ্যেই তাঁর আবার শরীর খারাপ হলে ঠাকুরপুকুর বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বুধবার সেখান মারা যান মানস সাহা।
বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তর থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা মানসের মৃতদেহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি রাস্তায় ঢোকার চেষ্টা করেন। পুলিশের তাদের আটকালে শুরু হয় অশান্তি। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা।

