পুরুলিয়ার প্রাচীন বড় হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য সচেতনতার উদ্যোগ পুরসভার

সাথী দাস, পুরুলিয়া, ২৩ সেপ্টেম্বর: কোভিড পরিস্থিতিতে শুধু নয় সার্বিক ভাবে হাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ক্রেতা বিক্রেতাদের সচেতনতা বাড়াতে উদ্যোগী হল পুরুলিয়া পৌরসভা। সবার পক্ষ থেকে আজ থেকে বিশেষ সচেতনতা অভিযান শুরু হল। মাইকের মাধ্যমে সচেতনতার আবেদন রাখছে পুরসভা। আজ আনুষ্ঠানিকভাবে এর সূচনা করলেন পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। হাটের মধ্যে জবর দখল রুখতে নিয়মিত নজরদারি রাখতে পৌরসভা উদ্যোগী হল। বর্তমান প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রেবতী রমন টুডু, সদস্য রবি শংকর দাস, মৌসুমী ঘোষ এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মণ্ডলকে সঙ্গে নিয়ে হাট চত্বর পরিদর্শন করেন। কড়া হাতে দমন করবে পুরসভা বলে দখলকারীদের জানান তাঁরা।

১৮৮০ সালে পুরুলিয়া শহরের এই হাট বাজার শুরু হয়। প্রাচীন এই বিশাল হাটটি বড় হাট নামেই পরিচিত হয়ে উঠে। বর্তমানে এই বড় হাটের মালিক পুরুলিয়া পৌরসভা। পরিচালনা করার জন্য রয়েছে কমিটি, এক জন পরিদর্শক। গুরুত্বপূর্ণ এই হাটে জেলার বিভিন্ন স্থানের সবজি, মাছ বেচা কেনা হয়। প্রচুর মানুষের সমাগম ঘটে। বিক্রেতাদের জবর দখলের ফলে নিকাশি ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। অপরিসর হয়েছে যাতায়াত ব্যবস্থা। আজ পুরসভার পরিদর্শনকারী দল সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *