আমাদের ভারত, ১২ জানুয়ারি: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন লাভু মামলেদার। গোয়ার এই প্রাক্তন বিধায়ক কংগ্রেসের যোগ দিয়েই প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি তৃণমূলের সমস্যার মূলে রয়েছে প্রশান্ত কিশোর ও তার সংস্থা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন তার কথা বলাও নিয়ন্ত্রণ করত প্রশান্ত কিশোর।
কংগ্রেসের যোগ দেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মামলেদার বলেন, “তৃণমূলের সমস্যার মূল কারণ প্রশান্ত কিশোর। তিনিই বলে দেন আমরা কার সম্পর্কে কী বলব। আমাকে মেসেজ পাঠিয়ে বলা হয়েছিল যে, আমার ঠিক ওই টুকুই বলা উচিত তার বেশি নয়।” মামলেদার আরও জানান, কংগ্রেস যখন গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোট নিয়ে কথাবার্তা চালাচ্ছিল, তখন তাঁকে একটি স্ক্রিপ্ট দিয়ে বলা হয়েছিল গোয়া ফরোয়ার্ড পার্টির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করতে হবে। তিনি জানান প্রশান্ত কিশোরের সংস্থার উদ্দ্যেশ্য গোয়ার মানুষকে ব্যবহার করা।
গোয়া ক্ষমতায় এলে সেখানকার মহিলাদের জন্য গৃহলক্ষী প্রকল্প আনবে তৃণমূল বলে ঘোষণা করেছে। আর তাতে মহিলাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে । এই প্রসঙ্গে মামলেদার দাবি করেন, আইপ্যাকের প্রতিনিধিদেরও এই স্কিমে মানুষজনের নাম নথিভুক্ত করার জন্য টার্গেট দেওয়া হয়েছিল। প্রতি ১৫ জনের নাম নথিভুক্ত করাতে পারলে ৮০০ টাকা করে দেওয়া হয় ওই কর্মীদের।
লাভু মামলেদারের কথায় তৃণমূল মানুষের ভাবনা চিন্তাও টাকা দিয়ে কিনতে চায়। তার মতে তৃণমূলে যদি বিপর্যয় আসে তা আসবে প্রশান্ত কিশোরের টিমের মানসিকতার জন্য।
তৃণমূলের বিরুদ্ধেই সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগও তুলেছেন মামলেদার। তৃণমূল ছাড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, এটা কোন নিরপেক্ষ দল নয়। তৃণমূল হিন্দু-খ্রিস্টানদের মধ্যে বিভেদ তৈরি করছে। গোয়ার হিন্দু আর ক্যাথলিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাওয়া হচ্ছে বলেও তিনি মনে করেন।
অন্যদিকে ভোটের একমাস আগে গোয়ায় রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। শরদ পাওয়ার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটার চেষ্টা করছে। যদিও কংগ্রেস তৃণমূলের সঙ্গে গোয়ায় কোনো রকম রাজনৈতিক বোঝাপড়ার কথা অস্বীকার করেছে।

