আমাদের ভারত, ৩ অক্টোবর: ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙ্গার কোনো প্রমাণ নেই নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শনিবার নবান্ন থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙ্গার রিপোর্ট তুলে ধরেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “২০২১ সালে গোটা নন্দীগ্রামকে আগের মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন। ওনার পা নাকি ভেঙ্গে দেওয়া হয়েছে?” এরপর তিনি হাতে রিপোর্ট দেখিয়ে বলেন, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস- এর রিপোর্টে পা ভাঙ্গার কোনো প্রমাণ নেই।
সিআইডি এটা নিয়ে তদন্ত করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, এই মিথ্যা প্রচারের জন্য নতুন করে তদন্ত শুরু হবে। সেটা আমরা ৯ তারিখের পরেই জানাবো।
২০২১ সালে নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনের লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়।মনোনয়ন জমা দিতে গিয়ে আহত হন তিনি, বলে দাবি করা হয়। পায়ে প্লাস্টার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে প্লাস্টার করা পা নিয়ে চেয়ারে করে তিনি ভোট প্রচার করেন। সেই সময় স্লোগান হতে থাকে ভাঙ্গা পায়ে খেলা হবে। যা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। পরে তা কর্মীদের স্লোগানে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু এখন এই গোটা বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী।
সামনেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন। তাই এই সময় বেশি কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুক্রবার যে কথা আমি বলেছি তার ভিত্তিতে আজ এই প্রমাণ দেখালাম। বাকি ৯ তারিখ তারিখের পরে হবে। ফলে সত্যিই সবাই ৯ তারিখের অপেক্ষায়, কারণ রাজ্যের মানুষের মনে প্রশ্ন, সত্যিই সেই সময় এতো বড় মিথ্যের উপস্থাপনা হয়েছিল?

