আমাদের ভারত, ৩ অক্টোবর: মহালয়ায় নয়, বরং পুজোর মধ্যেই বঙ্গে আসার সম্ভাবনা রয়েছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর। দেবী পক্ষের সূচনাতে ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল। কিন্তু খবর, সেই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তিনি। তবে অনুষ্ঠানে থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।
তবে মহালয়াতে প্রধানমন্ত্রী রাজ্যে না আসতে পারলেও তাঁর বদলে সপ্তমীর দিন তিনি রাজ্যে আসতে পারেন। অষ্টমীতে বেলুরমঠে যেতে পারেন তিনি। সেখানে কুমারী পুজো দেখবেন নরেন্দ্র মোদী। দিতে পারেন মাকে অঞ্জলিও। যদিও পিএমওর তরফে এখনো এই বিষয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি। দুর্গা পুজোর সময় বাংলায় সফর নিয়ে কোনো বিস্তারিত কর্মসূচি জানা যায়নি।
কথা ছিল ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে মোদীর হাতে চক্ষুদানের মাধ্যেমে সূচনা হবে এবারের দুর্গাপুজোর। তার আগে থাকবে রোড শো। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। যাতে তুলে ধরা হবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। এছাড়াও ইডেনে এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে চারিদিক। বেজে উঠবে ১০ হাজার ঢাক। মনে করা হচ্ছে এমন ঘটনা জায়গা করে নেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। স্টেডিয়াম পরিক্রমার সময় শ্রেয়া ঘোষাল গাইবেন পুজোর গান।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু যা খবর মিলছে তাতে জানাগেছে, বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি কর্তাদের সাথে। সেখানেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মহালয়া দিন প্রধানমন্ত্রী আসছেন না। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল চক্ষুদানের পাশাপাশি গাড়িতে চেপে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মোদী। কিন্তু তিনি না আসায় সেই পরিকল্পনা বদল করতে হবে।
জানা যাচ্ছে মহালয়ায় নয়, মোদী আসতে পারেন সপ্তমীতে এবং অষ্টমীতে যেতে পারেন বেলুড়ে। তবে মহালয়ায় মোদী বঙ্গে না এলেও আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

