“উনি সুপার পাহারাদার আর আমরা বন্ডেড লেবার?”, রাজ্যপালকে নজীরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, ৩১ জানুয়ারি:রাজ্যপাল সুপার পাহারাদার আর আমরা যেন বন্ডেড লেবার। এমনি নজিরবিহীনভাবে রাজ্যের রাজ্যপালকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার সেই সবকিছুকে ছাপিয়ে গেছেন তিনি। নবান্নে সাংবাদিকরা তাকে রাজ্যপালের প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি জানান টুইটারে তিনি রাজ্যপালকে ব্লক করে দিয়েছেন।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল সম্পর্কে প্রশ্ন করতেই তিনি বলেন, রাজ্যপাল যা শুরু করেছেন তার জন্য তিনি তাকে টুইটার হ্যান্ডেলে ব্লক করে দিয়েছেন। এরপরই রাজ্যপালের সবকিছুতে নাক গলানো নিয়ে মমতা বলেন, ‘উনি কি মনে করেন নিজেকে? তুমি সুপার পাহারাদার, আর আমরা বন্ডেড লেবার? নিজে তো একজন কাউন্সিলর ও নন।” রাজ্যপাল মনোনীত ও রাজ্যের মন্ত্রীরা নির্বাচিত এই কথা তৃণমূলের পাড়ায় পাড়ায় নেতারাও পথসভায় বলে থাকেন। রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে এই কথা বলে সংঘাতের নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী বলে মত অনেকের, যা নজিরবিহীন।

প্রায়শই রাজ্য সরকারের কাজের সমালোচনায় মুখর থাকেন রাজ্যপাল। টুইট করে প্রশ্ন তোলেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবদের কাছে তথ্য জানতে ডেকে পাঠান, টুইট করে সব জানাতে বলেন সব। এদিন সেইসব তুলে ধরেই ধনখড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোথায়, “আমরা মা ক্যান্টিনে কিভাবে ডিম ভাত খাওয়াচ্ছি সেই হিসেবেও উনি চাইছেন।” মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য রাজ্যপালের এক্তিয়ারের বাইরে গিয়ে ধনখড় প্রতিদিন একটা নানা ছুতোয় রাজ্য সরকারকে অকারণে বিরক্ত করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *