কতজন পাবে স্কলারশিপ না জেনেই আবেদনের শেষ দিনে হুড়োহুড়ি নদিয়ার বিভিন্ন পোস্ট অফিসে, রেকর্ড সংখ্যক ডাক টিকিট বিক্রি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ জানুয়ারি: অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের বার্ষিক ৬ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে বলে পশ্চিম মেদিনীপুরের রেজিস্ট্রেশন নম্বরহীন একটি সোসাইটির বিজ্ঞাপন দেখে আবেদনপত্র পূরণ করার হিড়িক পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। আজ সোমবার সেই আবেদনপত্র পূরণের শেষ তারিখ ছিল। নদিয়ার শান্তিপুরের বিভিন্ন স্কুলের প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী সাইবার ক্যাফে থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্ম পূরণ করে ১০ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে স্পিড পোস্টে পাঠাতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলছে। যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ নামে বেসরকারি কোনো সংস্থা ছাত্র-ছাত্রীদের ওই স্কলারশিপ দেবে তাদের নাম-ঠিকানা রেজিস্ট্রেশন নাম্বার কি, তা ছাত্র-ছাত্রীদের কারও জানা নেই। ফর্ম পূরণ করে পাঠাতে তাদের অনেক টাকা খরচ হয়ে গেলেও স্কলারশিপ প্রদানকারী সংস্থা বৈধ কাজ করছে কি না তা পুলিশের কাছেও স্পষ্ট নয়। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরাও জানেন না স্কলারশিপ প্রদানকারী সংস্থা তাদের বিভ্রান্ত করছে কি না। কিছুটা হুজুগে পরেই ছাত্রছাত্রীরা ওই ফর্ম ফিলাপ করছে। যদিও শেষ পর্যন্ত তারা স্কলারশিপ পায় কি না সেটাই দেখার।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় প্রত্যেক ছাত্রছাত্রীর আবেদনপত্র রেকমেন্ড করলেও তারাও ধোঁয়াশায় সংস্থা সম্পর্কে, তবে ছাত্র-ছাত্রীদের মঙ্গলার্থে তাঁরা সই করে দিয়েছেন। অন্যদিকে পোস্ট অফিসে ১০ টাকা দামের ডাকটিকিট নিমেষের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর, ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উত্তর দিতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হন পোস্ট অফিস কর্তৃপক্ষ। ঘটনা সামলাতে শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁছায়। প্রশাসনিক সূত্রে জানা যায়, পড়াশোনা করা ছেলে মেয়ে বা তাদের সচেতন অভিভাবক অথবা বিদ্যালয় কর্তৃপক্ষর জানা উচিত স্কলারশিপ সম্পর্কে।

ফর্ম ডাউনলোড জেরক্সের দোকান থেকে শুরু করে সাইবার ক্যাফে, পোস্ট অফিস সর্বত্রই লক্ষ্মীর আমদানি হয়েছে যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, সরস্বতী পূজারীদের কি আদৌ হবে লক্ষ্মী লাভ? সুদূর গ্রাম গঞ্জ থেকে আসার যানবাহন ভাড়া, স্পিড পোস্টে পাঠানো জেরক্স দিয়ে শতাধিক টাকা খরচ করা পরিবারের পড়ুয়া সদস্যদের আদৌ কি কোনো সুরাহা হবে? উত্তর জানতে ওই ওয়েবসাইটে থাকা একমাত্র ফোন নাম্বারে ফোন করলে আজ সারাদিন ছিল সুইচড অফ। কতজনকে দেওয়া হবে এই স্কলার্শিপ? সে প্রসঙ্গেও ধোঁয়াশায় সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *