রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, পঞ্চায়েত দপ্তরের দায়িত্বে পুলক রায়, অর্থ নিজের হাতে রাখলেন মমতা, ক্রেতা সুরক্ষায় এলেন মানস ভুঁইয়া

আমাদের ভারত,‌৯ নভেম্বর: বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল বড়সড় রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পঞ্চায়েত দপ্তর কার হাতে দেওয়া হয় হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে রদবদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‌ সুব্রত মুখোপাধ্যায় দপ্তরের দায়িত্ব দেওয়া হল পুলক রায়কে। অর্থ দফতর রাখলেন নিজের হাতে। ক্রেতা সুরক্ষায় নিয়ে এলেন মানস ভুঁইয়াকে।

পুলক রায় বর্তমানে জনসাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী আছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁর হাতে পঞ্চায়েত দপ্তরের ভার তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সেই দপ্তরের দায়িত্ব নিজের হাতেই নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একনজরে রদবদল দেখে নেওয়া যাক…….

পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাশাপাশি পঞ্চায়েতের দায়িত্বও তিনি সামলাবেন।

পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। বর্তমানে তিনি শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী। তার হাতেও অতিরিক্ত দায়িত্ব গেল।

অর্থ দপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অর্থ দপ্তরের উপদেষ্টা হচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র।

অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্বে সামলাবেন মানস ভুঁইয়া। বর্তমানে তিনি জল সম্পদ উন্নয়ন মন্ত্রী। তার হাতেও যাচ্ছে অতিরিক্ত দায়িত্ব।

রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের প্রতিমন্ত্রী হলেন বিরবাহা হাঁসদা। এতদিন বন প্রতিমন্ত্রী ছিলেন বিরবাহা। এবার তার সঙ্গে নতুনভাবে যুক্ত হলো শিল্প পুনর্গঠন দপ্তর।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা। বর্তমানে তিনি নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন। এবার এই অতিরিক্ত দায়িত্বও সামলাবেন ।

সাধন পান্ডে অসুস্থ থাকার কারণেই সুব্রত মুখোপাধ্যায় এতদিন ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব সামলাতেন। এদিকে সাধন পান্ডের হাতে থাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল শশী পাঁজাকে। অন্যদিকে ভোটে জিতে মন্ত্রী হননি অমিত মিত্র। তাই তার মন্ত্রিত্বের মেয়াদ ছিল ছয় মাস। ১০মে শপথ নিয়েছিলেন তিনি। তার ছয় মাসের মেয়াদ শেষ হয়ে এসেছে। ফলে তিনি আর মন্ত্রী থাকতে পারবেন না। ফলে গুরুত্বপূর্ণ অর্থ দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। এখন মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র স্বাস্থ্য সহ ছয়টি দপ্তর রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। তবে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে উলুবেড়িয়া থেকে জিতে আসা পুলক রায়ের উপর ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতের সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সমন্বয় প্রয়োজন হয় তাই পুলক রায়কে ওই দুটি দায়িত্ব দেওয়া হলো বলে মনে করা হয়েছে। তবে সূত্রের খবর আবারও মন্ত্রী সভায় রদবদলের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *