কলকাতা হাইকোর্ট অনুমতি দিলে মেট্রো ডেয়ারি তদন্তের জন্য প্রস্তুত সিবিআই

রাজেন রায়, কলকাতা, ৯ নভেম্বর: কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল মেট্রো ডেয়ারি মামলায় তদন্ত করতে প্রস্তুত সিবিআই। এদিন মেট্রো ডেয়ারি মামলার শুনানি ছিল বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই হাইকোর্টে উপস্থিত হয়ে একথা জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী অনির্বাণ মিত্র।

প্রসঙ্গত, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে বিপুল দুর্নীতির অভিযোগ এনে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ২০১৮ সালে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। মামলাকারীর তরফে জানানো হয়েছে, ১৯৯১ সালে ওয়েস্ট বেঙ্গল মিল্ক প্রোডিউসারস ফেডারেশন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করে মেট্রো ডেয়ারি তৈরি হয়েছিল। তাতে ফেডারেশনের ৪৭ শতাংশ, বোর্ডের ১০ শতাংশ এবং বেসরকারি সংস্থার ৪৩ শতাংশ শেয়ার ছিল। পরবর্তী কালে বোর্ডের ১০ শতাংশ শেয়ার ওই বেসরকারি সংস্থা নিয়ে নেয়। বছর কয়েক আগে রাজ্য সরকার সাড়ে ৮৫ কোটি টাকার বিনিময়ে ৪৭ শতাংশ শেয়ার জালান কোম্পানির কেভেন্টার গ্রুপ নামে এক বেসরকারি সংস্থাকে বিক্রি করে। পরবর্তীকালে ওই বেসরকারি সংস্থা মেট্রো ডেয়ারির ১৫ শতাংশ শেয়ার প্রায় ১৭০ কোটি টাকায় বিক্রি করে দেয় সিঙ্গাপুরের একটি সংস্থাকে। এদিকে দ্বিগুণ দামে বিক্রি হলেও তার কিছুই জানতে পারল না রাজ্য সরকার।

অধীরবাবুর অভিযোগ, এই শেয়ার হস্তান্তরে জালিয়াতিতে জনগণের টাকা তছরুপ হয়েছে এবং রাজ্যের কয়েকশো কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। তাই যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। ইতিমধ্যেই মেট্রো ডেয়ারির শেয়ার কেলেঙ্কারি এবং টাকা লোপাট নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তদন্তপ্রক্রিয়া চালিয়েছে ইডি। এবার তদন্তের ইচ্ছাপ্রকাশ সিবিআইয়ের। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে অবস্থান জানানোর নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ১৬ ডিসেম্বর মেট্রো ডেয়ারি মামলার চুড়ান্ত শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *