বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৯ নভেম্বর: বিভিন্ন স্তরের আমলাদের ভাতাবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এর প্রেক্ষিতে সাধারণ কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈষম্যমূলক আদেশ ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, “চুক্তিভিত্তিক কর্মী, নাগরিক স্বেচ্ছাসেবক, প্যারা শিক্ষকরা সামান্য পরিমাণ বেতন পাচ্ছেন। পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীরা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের তুলনায় ডিএ-এর ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যান্য সহযোগী সুবিধা ইচ্ছামতো কমানো হয়েছে। বেতন কমিশন সময়মতো কার্যকর হয় না। কিন্তু কর্মকর্তাদের একটি অংশকে নৈতিক পরিণতি বিবেচনা না করে আদেশ পালনে নিয়োজিত করার জন্য অতিরিক্ত ভাতা প্রদান করে বেছে বেছে খুশি করা হচ্ছে। তাদের মধ্যে কিছুদের নির্বাচনী ফলাফল কারসাজিতে ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে এই বৈষম্যমূলক আদেশ ফিরিয়ে নিতে হবে।
প্রসঙ্গত, রাজ্যের আমলাদের মাথাপিছু ২ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর সরকারি বিজ্ঞপ্তিও টুইটে যুক্ত করেছেন শুভেন্দুবাবু।


