স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ অক্টোবর: শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর সমর্থনে শান্তিপুরে ভোট প্রচারে এলেন বনগাঁ কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। সোমবার সকাল থেকেই বিরাম নেই বৃষ্টির। যদিও উপনির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি তাই সময় নষ্ট করতে নারাজ তৃণমূল। সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি মাথায় নিয়ে ভোট প্রচারে ব্যস্ত ছিল তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করেছেন শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রামে।

সোমবার বিকেলে শান্তিপুর, বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি এলাকায় জনসংযোগ ও ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সাথে পা মেলান বনগাঁ কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। প্রায় কয়েক ঘন্টা ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি করার পরে একটি জনসভার আয়োজন করা হয় বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতে। সেখানেই বেশ খানিকটা সময় বক্তব্য রাখলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। পাশাপাশি শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন জানান গ্রামের মানুষের কাছে।

