আমাদের ভারত, দার্জিলিং, ১৮ অক্টোবর: লেপার্ডের পর এবার পাহাড়ে নতুন আতঙ্ক হিমালায়ান ব্ল্যাক বিয়ারের। রবিবার রাতে দার্জিলিংয়ের জোড়বাংলা সুখিয়াপোখি ব্লকের অন্তর্গত তিব্বতীয় রিফিউজি সেন্টারের কাছ থেকে খাঁচা বন্দি হল এই ভাল্লুক। সোমবার সকালে ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে ওই এলাকায় ভাল্লুক খাঁচাবন্দি হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
দার্জিলিং সহ গোটা পাহাড়ে লেপার্ডের হামলার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার পাহাড়বাসীর মধ্যে নতুন আতঙ্ক নাড়া দিচ্ছে কালো ভাল্লুকের। কিছুদিন আগে কার্শিয়াং মহাকুমার প্রত্যন্ত চা বাগান এলাকাতে ভাল্লুকের হামলায় জখম হয়েছিল এক ব্যক্তি। তারপর থেকেই পাহাড়জুড়ে হিমালায়ান ব্ল্যাক বিয়ারের সন্ধান নিয়ে সতর্ক বনদপ্তর। কার্শিয়াংয়ের পর দার্জিলিংয়ের তিব্বতীয় রিফিউজি সেন্টারের কাছে ভাল্লুক দেখতে পাওয়া যাওয়ার পরেই জোড়বাংলো বনদপ্তরের তরফে ওই এলাকায় গত দুই সপ্তাহ আগে খাঁচা পাতা হয়। এরপরই রবিবার রাতে ভালুকটি খাঁচাবন্দি হয়। সোমবার সকালে বনদপ্তরের কর্মীরা গিয়ে খাঁচাবন্দি ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যায়।
জানাগেছে, ভাল্লুকটির প্রাথমিক চিকিৎসা করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বনদপ্তর সূত্রে খবর, খাঁচাবন্দি হওয়া এই ভাল্লুকটি পুরুষ এবং বয়স আনুমানিক দু’বছর। তবে তার স্বভাব হিংস্র প্রকৃতির হওয়ায় আতঙ্ক বেড়েছিল ওই এলাকায়।
বিষয়টি নিয়ে কার্শিয়াং বনবিভাগের ডিএফও সুরত্ন শেরপা বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই ভাল্লুকটির খোঁজ চালাচ্ছিল বনদপ্তর। অবশেষে গতকালখাঁচাবন্দি হয় এই হিমালায়ান ব্ল্যাক বিয়ার। আপাতত খাঁচাবন্দি ভাল্লুকটিকে পর্যবেক্ষণে রেখে তার প্রাথমিক চিকিৎসা করে দার্জিলিংয়ের সিনচেল অভায়ারণ্য ছেড়ে দেওয়া হবে।

