খড়্গপুরে জমে উঠেছে মামা ভাগ্নের লড়াই

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: খড়্গপুরের তিন নম্বর ওয়ার্ডে জমে উঠেছে মামা তৈমুরের সঙ্গে ভাগ্নে খুরশেদের লড়াই। গতবারের বিজয়ী তৈমুর আলী খান এবারও তৃণমূল প্রার্থী এবং অন্যদিকে তারই ভাগ্নে খুরশেদ আলি খান কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী গৌতম দাস থাকলেও মামা ভাগ্নের লড়াই অন্যতম আকর্ষণ। প্রচারে খুরশেদ বলছেন, মামার বিরুদ্ধে নয়, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই। তার অভিযোগ, মামা ও মামিমা গত পনেরো বছর ধরে কাউন্সিলার থাকলেও এলাকার উন্নয়নের বদলে শুধু দুর্নীতি হয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে। ত্রিপলের তলায় যাদের বসবাস তারা বঞ্চিত হয়েছেন। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থার একেবারে বেহাল দশা। তাই, এলাকার মানুষ পরিবর্তন চাইছেন।
 
মামা তৈমুর অবশ্য বলছেন, তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং খড়্গপুরে তৃণমূলেরই বোর্ড গঠন হবে। আমার বিরুদ্ধে কারোর লড়াই করার শখ হতেই পারে। ভাগ্নেরও তাই হয়েছে। কিছু লোক তাকে জোর করে ভোটে দাঁড় করিয়েছে। রাজনৈতিক ময়দানে তো কাউকে বাধা দেওয়া যায় না।

ওই ওয়ার্ডের বাসিন্দা কালাম আহমেদ ও আলেদা বিবি জানান, এখানে পানীয় জল, নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। অনেকেরই বসবাসের উপযুক্ত বাড়ি নেই। তাই কে মামা, কে ভাগ্নে, আমরা তা জানি না। আমাদের সুখে-দুখে সমস্যায় যে সঙ্গে থাকবে তাকেই ভোট দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *