জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: ক্ষীরপাই পৌরসভার বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বিজেপি ও তৃণমূলের দলবদলু নেতাদের তীব্র সমালোচনা করলেন তরুণ সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। প্রচারের সময় কটাক্ষ করে শতরূপ বলেন, ভোটাররা যে প্রার্থীকে ভোট দেন, তিনি পরবর্তীকালে অন্য দলে চলে যাওয়ার পর ভোটাররা তাকে পছন্দ না করলেও তাদের ভোটটা ফিরিয়ে নিতে পারেন না। কিন্তু পাঁচ বছরের জন্য নির্বাচিত অনেক প্রার্থী নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে অন্য দলে চলে গেছেন। শতরূপ বলেন, গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপির ঝান্ডা ধরে অনেকেই সোনার বাংলা গড়ার কথা বলেছিলেন, কিন্তু ভোটে হেরে যেতেই ক্ষমতার লোভে অভিষেক বন্দোপাধ্যায়ের জুতো পালিশ করতে চলে গেলেন। কিন্তু আমাদের লাল ঝাণ্ডার জোর হল, প্রার্থীরা এদিক-ওদিক হয় না।
প্রচার মঞ্চে আনিসের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শতরূপ বলেন, যারা খুনিদের নাম না নিয়ে শুধু বিচার চাই’ বলে চিৎকার করছেন, তাদের রাস্তায় নামার কোনও প্রয়োজন নেই। খুনিদের নাম মুখে আনলেই যেসব বুদ্ধিজীবীরা চাকরি চলে যাবে মনে করছেন তাদের প্রতিবাদ করাটাই একটা নাটক। প্রতিবাদ করার জন্য এখনও নিজেদের বিকিয়ে না দেওয়া কিছু বুদ্ধিজীবী রয়েছেন, তারাই প্রতিবাদ করবেন। এবারের পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট ভালো ফল করবে বলে জানান শতরূপ ঘোষ।

