পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর: দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে শুরু হয়েছে সাজো সাজো রব। শহরের বিভিন্ন পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে ঐতিহ্যের ৭১ বছরে পদার্পণ করল খড়্গপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মালঞ্চা শ্রীশ্রী সর্বজনীন দুর্গোৎসব। এবছর সাবেকি সাজে দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত পুজো উদ্যোক্তারা।
পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট মনোজ দে জানান, মালঞ্চার এই দুর্গোৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার দীর্ঘ ইতিহাস। তাঁর দাবি, এটি মালঞ্চা এলাকার প্রথম সর্বজনীন দুর্গাপুজো। একসময় এলাকার দত্ত জমিদার বাড়িতে পারিবারিক দুর্গাপুজোর প্রচলন ছিল। তবে সেই পুজোয় সাধারণ মানুষের অবাধ অংশগ্রহণের সুযোগ সীমিত থাকায় এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে পৃথকভাবে সর্বজনীন দুর্গাপুজো শুরু করেন। সেই উদ্যোগ থেকেই সূচনা হয় এই পুজোর, যা আজ ৭১ বছরে পৌঁছেছে।

এবছর পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ সাবেকি সাজসজ্জা ও মা দুর্গার প্রতিমা। মনোজ দে জানান, প্রতি বছরের মতো এবারও প্রতিমার রূপ ও ঐতিহ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁদের কাছে মণ্ডপের সাজসজ্জার পাশাপাশি প্রতিমার সৌন্দর্যই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুখদেব সিং জানান, এবছর পুজোর আনুমানিক বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। সাধারণ সম্পাদক দেবাশিস সেনগুপ্ত ও কোষাধ্যক্ষ সোমনাথ সুর জানান, আগামী ১৬ তারিখ ষষ্ঠীর দিন পুজো মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের।
শুধু পুজো ও প্রতিমা দর্শন নয়, উৎসবের দিনগুলিতে এলাকাবাসীর অংশগ্রহণ বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছে পুজো কমিটি। এলাকার মা- বোনেদের জন্য থাকছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। পাশাপাশি ছোটদের উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে বিভিন্ন খেলাধূলার। ৭১ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে পুজোর কয়েকটি দিন এলাকার মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত মালঞ্চা শ্রীশ্রী সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

