আমাদের ভারত, ১ আগস্ট: ফের পুলিশের সাফল্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ১৮ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার গভীর রাতে নানুরের বাসাপাড়া এলাকার দান্যপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের দাবি, জেরার সময় ওই ব্যক্তি বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত থাকার কথা স্বীকার করে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৩৬ ইঞ্চি ডাবল- ব্যারেল আগ্নেয়াস্ত্র এবং ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই আলাউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, স্বতঃপ্রণোদিতভাবে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কীভাবে অভিযুক্তের কাছে পৌঁছোল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নানুর থানার পুলিশ।

