প্রেমিককে বাড়িতে ডেকে খুন করে আম বাগানে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বাবার বিরুদ্ধে, চাঞ্চল্য ইংরেজবাজারে

আমাদের ভারত, মালদা, ২২ নভেম্বর: মেয়ের প্রেমিককে গভীর রাতে বাড়িতে ডেকে শ্বাসরোধ করে পিটিয়ে খুন করে আম বাগানে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ইংরেজবাজার থানার নদিয়া পঞ্চায়েতের লক্ষ্মীপুর কক্লামারি গ্রামের ঘটনা। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মেয়ের বাড়ির পেছনের আম বাগানের মধ্যে থেকে দেহটি উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম টোটন মন্ডল (২১)। প্রতিবেশী এক যুবতীর সাথে গত চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে টোটন। গ্রামের অধিকাংশ মানুষই তাদের প্রেমের সম্পর্কের কথা জানতে পারে। তবে তাদের এই সম্পর্ক মেনে নেয়নি মেয়ের বাবা সঞ্জয় মন্ডল। মেয়ের বাড়িতে বিষয়টি জানাজানির পর থেকেই ছেলেকে প্রাণে মারার হুমকি দেয় তার পরিবারের লোকেরা। প্রেমিকার বাড়ির পক্ষ থেকে প্রাণে মারার হুমকি পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে টোটন। গত কয়েকদিন ধরেই টোটনকে মেয়ের বাবা সহ পরিবারের লোকেরা প্রাণে মারার হুমকি দিয়ে আসছিল। এই ভয়ে বাড়ি ছাড়া ছিল টোটন।

টোটনের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মেয়েটির বাবা টোটনকে তাদের বাড়িতে ডেকে পাঠায়। তারপর থেকেই তার মোবাইলের সুইচ অফ। মঙ্গলবার সকালে গ্রামের পাশে আম বাগানের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন ও গলায় দড়ি পেঁচানো ছিল। পরিবারের লোকেদের অভিযোগ টোটনকে পিটিয়ে খুন করে দেহটি আমবাগানে ঝুলিয়ে দিয়েছিল মেয়ের পরিবারের লোকেরা। দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *