“মেদিনীপুরে দলত্যাগীদের এখনই দলে নেবে না তৃণমূল”, জানালেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: বিধানসভা নির্বাচনের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তাদের আগামী ছয় মাসের মধ্যে দলে নেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সুজয় বাবু জানিয়েছেন।

জানাগেছে, তৎকালীন বিজেপিতে থাকা মুকুল রায় ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক ঝাঁক অনুগামী তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন। জেলা নেতৃত্বের কোর কমিটির বৈঠকের পর সোমবার জেলা সভাপতি সুজয় হাজরা জানান, আগামী ছয় মাসের মধ্যে দলত্যাগী কাউকেই দলে নেওয়া হবে না।

উল্লেখ্য, মুকুল রায় ঘনিষ্ঠ অনেক নেতাই এখনও বিজেপিতে থাকলেও তারা তৃণমূলে ফিরতে চাইছেন। তাদের মধ্যে জেলা সহ-সভাপতি শিবু পানিগ্রাহীর বক্তব্য, মুকুল রায়ের হাত ধরে তারা বিজেপিতে যোগ দিলেও পরবর্তীকালে একের পর এক জনবিরোধী নীতির ফলে বিজেপির জনবিচ্ছিন্ন হওয়ার ঘটনায় আমরা অনুতপ্ত। কারণ, আমরা যে কৃষি আইনের সমর্থনে সাধারণ মানুষকে বোঝাতে গিয়েছিলাম প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ভুল স্বীকার করে সেই কৃষি আইন প্রত্যাহার করেছেন। এজন্য বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

যদিও জেলা বিজেপি সভাপতি সৌমেন তেওয়ারি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের সময় থেকে দল বিরোধী কার্যকলাপের জন্য তিন মাস আগে শিবু পানিগ্রাহীকে শোকজ করা হয়েছে। এখনো তার কোনও জবাব পাওয়া যায়নি। তিনি বরাবরই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। তাই তিনি দল ছাড়লে দলের ভালই হবে। অবশ্য শোকজ চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করে শিবু পানিগ্রাহী বলেছেন, বিজেপির জনবিরোধী নীতির কারণেই তিনি বিজেপি ছাড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *