স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ ফেব্রুয়ারি: তৃণমূলের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। টিকিট না পেয়ে নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির জেলার প্রধান দলীয় কার্যালয়ের মূল গেটে তালা দিয়ে বন্ধ করে দিল বিজেপির কর্মীরাই। যদিও এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস দিন কয়েক আগেই প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর বিভিন্ন পৌরসভায় দেখা গেছে প্রার্থী নিয়ে অসন্তোষের ফলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। আরো এক ধাপ এগিয়ে বিজেপি প্রার্থী ঘোষণার পরেই টিকিট না পেয়ে জেলা কার্যালয়ের প্রধান গেট তালা বন্ধ করে দিল বিজেপি কর্মীরা। তাদের দাবি, বিজেপির কৃষ্ণনগর পৌরসভায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তা সম্পূর্ণ দুর্নীতিতে ভরা। তাদের দাবি, আমরা দীর্ঘদিন ধরে জীবনকে বাজি রেখে বিজেপি করছি। কিন্তু যারা কোনো দিন বিজেপি দলটাই করেনি, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই তারাই প্রার্থী হয়েছে। এটা সম্পূর্ণ তৃণমূলের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত রাজ্য নেতৃত্ব এসে আমাদের সঙ্গে আলোচনা করবে ততদিন এই বিজেপির দলীয় অফিস বন্ধ থাকবে। নির্বাচনের আগে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। যদিও এই ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি জেলা নেতৃত্বের।


