TMC, Birbhum, কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো স্থানীয় বাসিন্দারা 

আমাদের ভারত, বীরভূম, ২৫ অক্টোবর: জেল থেকে মুক্তি পেয়ে ফের বিভিন্ন জনকে হুমকি দেওয়ার অভিযোগে তুলে বীরভূমের আমোদপুর ঘোরানো হলো এক তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার আমোদপুর এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতা তাহিরুল শেখ সাঁইথিয়া ব্লকের ভ্রমরকোল অঞ্চলের প্রাক্তন সভাপতি। খবর পেয়ে আমোদপুর ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে।

ঘটনার সূত্রপাত সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের দিন বিজেপি নেতাদের মারধর। ওই দিন ভ্রমরকোল অঞ্চলের ৬৮ নম্বর বুথে বিজেপির নির্বাচিত বিধায়ক দেবাশিস ওঝার ছেলে, নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল এবং দলীয় নেতাদের মারধর করা হয়। ওই ঘটনায় ভ্রমরকোল গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল সভাপতি তাহিরুল শেখের নাম জড়ায়। বিজেপির অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। মাস দু’য়েক আগে সে জামিনে মুক্তি পায়। রবিবার বেলার দিকে তাহিরুল শেখ আমোদপুর সংলগ্ন ঈশ্বরপুর গ্রামে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধুর বাড়িতে যান। সেখান থেকে তাকে স্থানীয় বাসিন্দাদের একাংশ তার কোমরে দড়ি পরিয়ে আমোদপুর বাজার ঘুরিয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন।

বিজেপির ভ্রমরকোল মণ্ডল সভাপতি সুদীপ ঘোষ বলেন, “ভোটের দিন এই তাহিরুলের নেতৃত্বে আমাদের মেরে রক্তাক্ত করা হয়েছিল। আমাদের তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু জামিন পেয়ে ফের আমাদের কর্মীদের হুমকি দিতে থাকে। এদিন খবর পাই তাহিরুল প্রশান্ত সাধুর বাড়িতে এসেছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং আমরা তাকে ধরে কোমরে দড়ি বেঁধে পুলিশের হাতে তুলে দিয়েছি।”

তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন ব্লক সভাপতি মহম্মদ ইউনুস বলেন, “বিজেপি অধিকাংশ জায়গায় পুলিশের মদতে মিথ্যা অভিযোগে আমাদের নেতা কর্মীদের হেনস্থা করতে ওই ধরণের ঘটনা ঘটাচ্ছে। তবে এক্ষেত্রে কি হয়েছে জানি না।”

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই তৃণমূল নেতা জনরোষের স্বীকার হয়েছেন। তার কারণ ভোটের দিন যেভাবে আমাদের নেতাদের মাথা ফাটিয়েছেন তাতে উনার আরও বড় শাস্তি হওয়া উচিত। এর সঙ্গে আমাদের দলের কোনো যোগ নেই। তবে এই সমস্ত নেতাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *