Biryani, Khatra, বিরিয়ানিতে টিকটিকি, বিক্ষোভ খাতড়ায়, আটক ২

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জুন: সপরিবারে বেড়াতে গিয়ে ফেরার পথে বিরিয়ানি খেয়ে বিপত্তি। একটি দোকানে ঢুকে তৃপ্তি করে এক-দুই খাবল বিরিয়ানি খাওয়ার পর হঠাৎ হাতে উঠে আসে সেদ্ধ টিকটিকি। আর তা দেখেই বমি বমি ভাব। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার খাতড়া বাজারের সিনেমা হলের একটি বিরিয়ানি সেন্টারে।

বিরিয়ানিতে একটা আস্ত টিকটিকি সেদ্ধ বের হওয়ায় সেই পরিবারের সদস্য ও অন্য ক্রেতারা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বিরিয়ানি সেন্টারে আসেন। তাদের দেখানো হয় বিরিয়ানির মধ্যে সেদ্ধ টিকটিকি থাকার ঘটনা। তারাও ক্ষোভে ফেটে পড়েন। খাতড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

বিরিয়ানি সেন্টারের ২ জনকে আটক করা হয়। একটি শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্হানীয় সূত্রে জানাগেছে যে, শুক্রবার ৩ শিশু সহ পরিবারের ৭ জনকে নিয়ে মুকুটমণিপুর বেড়াতে গিয়েছিলেন স্থানীয় সিমলা দামোদরপুর এলাকার কৃষ্ণ রুইদাস। তিনি বাড়ি ফেরার পথে খাতড়া ইলেকট্রিক অফিস সংলগ্ল একটি দোকানে বিরিয়ানি খেতে ঢোকেন।পরিবারের সবাই আনন্দ করে তৃপ্তি সহকারে বিরিয়ানি খেতে ব্যস্ত, ঠিক সেই সময় বিরিয়ানি থেকে বেরিয়ে আসে একটি সেদ্ধ টিকটিকিটি। সেটি দেখেই বমি করতে শুরু করেন ছোটোরা। দোকানে ব্যাপক চিৎকার শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে ২ বছরের এক শিশু কন্যা অসুস্থ হয়ে পড়ে। তাকে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধৃতদের বক্তব্য, তারা বিকেল থেকে ওই হাঁড়ি থেকে বিরিয়ানি বিক্রি করেছেন। তারা বিষয়টি উপলব্ধি করতে পারেননি। ইন্দপুরের বাসিন্দা অনাথবন্ধু লায়েক ও মহাদেব চেল প্রতিবাদে সরব হয়ে বলেন, তারাও ওই বিরিয়ানি খাচ্ছিলেন। এই দোকানের মালিক ও কর্মীদের উপযুক্ত শাস্তির দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *