সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জুন: মদ ও হাড়িয়া বিক্রি বন্ধ করতে জোরদার প্রচারে নেমেছে আদিবাসী সংগঠন। বিগত রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সরব আদিবাসী সমাজের অভিযোগ, “পূর্ববর্তী সরকার ঢালাও মদের লাইসেন্স বিলি করেছে। চারদিকে এখন মদের দোকান হয়ে গেছে। তার সাথে আমাদের অজ্ঞ কিছু সাঁওতাল নিজের নিজের বউকে রাস্তার ধারে, মেলাতে, যাত্রা অনুষ্ঠানে, হাটে, বাজারে মদ বিক্রি করতে পাঠিয়ে দিয়ে নিজে মদ খেয়ে বেহুঁস হয়ে থাকে।” এটা চলতে দেওয়া যায় না। তাই রাজ্যে সরকার পরিবর্তন হতেই মদ বা হান্ডি (হাড়িয়া) কেনা- বেচা বন্ধের আবেদন জানিয়ে পথে নামল আদিবাসীরা।

উল্লেখ্য, আগামী বুধ ও বৃহস্পতিবার ঝাঁটিপাহাড়ি মেলা বসতে চলেছে। এই মেলায় মদ ও হাড়িয়া বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা। এনিয়ে তারা ছাতনা ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনাও করেছে বলে সংগঠনের পক্ষ থেকে জনানো হয়েছে। বাঁকুড়া সদর, জামতোড়, চিনা বাড়ি, ধবন, শুশুনিয়া, তেঘরি, ঝুঞ্জকা ইত্যাদি পারগানার পক্ষ থেকে গ্রামে গ্রামে এই নিয়ে প্রচার চালানো হচ্ছে। ব্যানার ও হ্যান্ড বিলের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে।
বাবুনাথ টুডু, অশ্বিনী হাঁসদা, মহাদেব মুর্মু, হারাধন টুডু, শিবনাথ মুর্মু, সুনীল বেসরা সহ জেলার আদিবাসী নেতারা বলেন, মদ বা হাড়িয়ার জন্য অনেক মানুষ প্রতি বছর মারা যায়। তাই মাদক দ্রব্য বর্জনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার সেই উদ্যোগ আরও কঠোর করা হয়েছে। যারা অমান্য করবেন তাদের আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

