Devdas Mondal, BJP, “মানুষই শেষ কথা বলে, আইন নিজের হাতে নয়,” কর্মীদের সংযত থাকার বার্তা হাবড়ার বিধায়ক দেবদাসের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুন: “আমাদের সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি নয়। গণতন্ত্রে শেষ কথা বলে সাধারণ মানুষ। মানুষ আজ প্রতিবাদ করছে না বলে এই নয় যে তারা সবকিছু মেনে নিচ্ছে। মানুষ অনেক কিছু নীরবে সহ্য করে, কিন্তু সুযোগ পেলে আমাদেরকেও উল্টে দিতে পারে।” এই ভাষাতেই দলীয় কর্মী- সমর্থকদের সতর্ক করলেন হাবড়ার বিধায়ক দেবদাস মন্ডল।

এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক স্পষ্টভাবে জানান, ক্ষমতায় থাকার অহংকার বা জনবিরোধী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কাজ দলের কর্মীদের করা উচিত নয়। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বিধায়ক বলেন, “আপনারা সংযত থাকবেন। এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষ কষ্ট পায়, বা আহত হয়। কোনো অভিযোগ থাকলে প্রশাসন ও পুলিশের মাধ্যমে তার সমাধান হবে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি কিছু ঘটনায় দেখা যাচ্ছে পুলিশের উপস্থিতিতেই কিছু মানুষ অভিযুক্তদের উপর চড়াও হচ্ছেন। এই ধরনের প্রবণতাকে সমর্থন করে না বিজেপি। তাঁর কথায়, “আইনের শাসনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আদালত ও প্রশাসন রয়েছে, তারাই অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে দেবদাস মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা, ভয় দেখানো এবং হার্মাদ সংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল। সেই সংস্কৃতির ফল আজ তারা নিজেরাই ভোগ করছে। মানুষ তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা একই পথে হাঁটব।” তিনি আরও বলেন, বিজেপি গণতন্ত্র, আইন এবং সাংবিধানিক ব্যবস্থার উপর বিশ্বাস করে। তাই দলীয় কর্মীদের দায়িত্ব আরও বেশি। মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে এবং এমন কোনো আচরণ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। সভা থেকে কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিধায়ক বলেন, “সাধারণ মানুষের ক্ষতি হয় বা মানুষ আঘাত পায়, এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। কারও বিরুদ্ধে এমন অভিযোগ এলে দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

দেবদাস মন্ডলের এই বক্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক সংঘাতের আবহে তাঁর এই সংযম ও আইনের শাসনের পক্ষে বার্তা নতুন করে রাজনৈতিক আলোচনা উসকে দিয়েছে।
তাঁর বক্তব্যে স্পষ্ট, জনসমর্থন ধরে রাখতে হলে মানুষের প্রতি দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *