বাদাম কাকুর দেখা বালুরঘাটেও, “কাঁচা বাদাম” গান শুনিয়ে তৃণমূলের হয়ে ভোট প্রচার সারলেন ভুবন বাদ্যকর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ ফেব্রুয়ারি: “কাঁচা বাদাম” গান শুনিয়ে ভোট প্রচার করতে বালুরঘাটে এলেন ভুবন বাদ্যকর। সোমবার বিকেলে বালুরঘাটের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মহেশ পারেখের হয়ে ভোট প্রচার করতে আসেন বাদাম কাকু। কাঁচা বাদাম গানের রচয়িতা বিখ্যাত ভুবন বাদ্যকরকে দেখতেই যেন ভিড় জমে যায় আট থেকে আশি সকলের। এদিন বিকেলে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ট্যাক্সি স্ট্যান্ড এলাকা থেকে একটি হুডখোলা টোটোতে করে রোড শো করে ওয়ার্ড পরিক্রমা করে তৃণমূল নেতারা। যার পুরোভাগে থেকে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার, হাজির ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস।

এদিন শুরু থেকেই একটি সুসজ্জিত হুড খোলা টোটোতে চেপে প্রার্থীর হয়ে বিখ্যাত সেই কাঁচা বাদামের গান করেন ভুবন বাদ্যকর। যে মিছিলটি শহরের বিশ্বাসপাড়া, সাধনামোড় ও বুড়ি কালীবাড়ি হয়ে সমগ্র ১৯ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে। সবশেষে বিশ্বাসপাড়া মোড় এলাকায় ভুবন বাদ্যকরের উপস্থিতিতে চলে একটি পথসভা।

ভুবন বাদ্যকার জানান, তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে বালুরঘাটে আসতে পেরে খুবই ভালো লাগছে। এই শহরের মানুষকেও তিনি কাঁচা বাদাম গান শুনিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *