আমাদের ভারত, বাঁকুড়া, ১০ আগস্ট: কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে জনবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে তার প্রতিবাদ জানিয়ে জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তে জড়ালো বামপন্থী সংগঠনের কর্মীরা। আজ বাঁকুড়ার জেলা শাসক অফিস অভিযানের ডাক দিয়ে বামপন্থী সংগঠনের নেতা- কর্মীরা বাঁকুড়া হিন্দু স্কুল থেকে একটি বিশাল মিছিল সহকারে শহর পরিক্রমা করে জেলা শাসক অফিসের আসার আগেই আইজি মোড়ে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেন বাম নেতা- কর্মীরা। একসময় পুলিশকে হার মানিয়ে ব্যারিকেড ভেঙ্গে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।

এদিনের বিক্ষোভ মিছিলে জেলাশাসক অফিসের সামনে বক্তব্য রাখেন সিপিআই(এম)- এর জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম, অজিত পতি, প্রবীণ নেতা অমিয় পাত্র, যদুনাথ রায়, শ্যাম রজক, গোপাল মুখার্জি, স্বপন শর্মা সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতারা।
অমিয় পাত্র বলেন, এরাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের মাত্র ৩ মাস বয়স। এই ৩ মাসেই তারা যে সরকার চালাতে ব্যর্থ তা প্রমাণ করে দিয়েছে। বিজেপিতে যে যোগ্য লোকের অভাব তা তাদের সরকারের তৃণমূলীকরণ দেখেই বুঝতে পারছেন রাজ্যের মানুষ। এই বিজেপি সরকারটা তৃণমূলেরই নতুন সংস্করণ। যেন সেই নতুন বোতলে পুরানো পানীয়। তৃণমূলের যে এমপি এমএলএদের চুরি, জোচ্চুরি তুলে ধরে ভোটে লড়ে জিতলেন, নির্বাচনের পর তাদেরই বরণডালা সাজিয়ে পাশে বসালেন। বিজেপি মানুষকে ভাঁওতা দিয়ে ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করেন অমিয় পাত্র।

তিনি বলেন, নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহরা শুভেন্দুকে পাশে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের প্রত্যেক মহিলাকে ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ভাতা দেবেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহিলারা। সংকল্প পত্র ছাপিয়ে ঘরে ঘরে বিলি করে বলেছিলেন যেদিন বিজেপি ক্ষমতায় বসবেন তার পরের মাসের ১ তারিখে গ্যাসের দাম ৪৫০ টাকা করে দেবেন। প্রতিশ্রুতি ছিল ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, দেননি। আয়ুষ্মান ভারতের নামে গরিব মানুষকে ধোকা দিয়েছে বিজেপি। এদিন জেলা শাসক দফতরে গিয়ে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন বামপন্থী নেতারা।

